রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের, টিনর, কেয়ারিয়া ও দক্ষিণবাগ এলাকার কৃষকদের বেদখল হয়ে যাওয়া ২০ বিঘা জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ৮ অক্টোবর বৃহস্পতিবার অভিযুক্ত আবাসন প্রকল্প ফরটিস গ্রুপের বাঘবের শাখা অফিসের সামনে আয়োজিত এ মানববন্ধনে কৃষক, কৃষাণী ও তাদের ছেলে মেয়ে এবং এলাকাবাসী অংশ নেয় ।
মানববন্ধনপূর্বক আয়োজিত সভায় বক্তব্য রাখেন বাঘবের গ্রামের ভুক্তভোগী কৃষক দীন ইসলাম, আবু তালেব, আব্দুল হেকিম, তাইজদ্দিন, কেয়ারিয়া গ্রামের রিটন সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আবাসন প্রকল্প ফরটিস ভুয়া ও জাল দলিলে কৃষকদের জমি জোরপূর্বক দখলে নিয়ে বালু ভরাট করছে। রূপগঞ্জ ইউনিয়নের বাঘবেড়, টিনর, কেয়ারিয়া ও দক্ষিণবাগ এলাকায় ফরটিস গ্রুপের আবাসন প্রকল্প গড়ে ওঠার পরে প্লাটিনাম ও সারা রিসোর্ট নামে আরো দুইটি আবাসন প্রকল্প তারা স্থাপন করে কৃষকদের জমি দখল করে নিচ্ছে। প্রতিবাদ করলেই কৃষকদের বিরুদ্ধে হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ভুয়া দলিলের মাধ্যমে কৃষকদের প্রায় ২০ বিঘা কৃষি জমি দখল করে ভরাট করে ফেলছে।
১৯৫৬ সালে কেয়ারিয়া গ্রামের শশী মোহনের কাছ থেকে রিটন সরকারের বাবা জমি কিনে প্রায় ৬০ বছর ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু ফরটিস আবাসন প্রকল্প ওই জমিতে বালু ভরাট করে দখলে নিয়েছে। একই গ্রামের জয়চন্দ্র সরকার ৫০ বছর আগে মারা গেছেন। অথচ ফরটিস কোম্পানি ২০১৮ সালে জয়চন্দ্র সরকারের জমি জাল দলিল সৃজন করে দখলে নিয়েছে।
সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে কৃষকদের বেদখল কৃষি জমি উদ্ধার করে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও, ঢাকা-বাইপাস সড়ক ও ৩০০ ফুট সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে ।
