Probhat Barta

ব্যতিক্রমী গণশুনানি ও জনবান্ধব মানবিক সেবায় আলোচনায় চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম মিঞা

প্রভাত বার্তা.কম : ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালানো ইয়াসমিন আক্তারের জীবনে স্বস্তি ফেরাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের হস্তক্ষেপ এখন সরকারি সেবার এক মানবিক দৃষ্টান্ত হয়ে উঠেছে। স্বামী সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী, তিন সন্তানের ভরণপোষণ ও চিকিৎসার ব্যয় সামলাতে প্রতিদিন ভাড়ায় অটোরিকশা চালান তিনি। অনেক সময় সন্তানদের সঙ্গে নিয়েই পথে নামতে হয় তাকে।

একজন সাংবাদিকের মাধ্যমে তার দুর্দশার কথা জানতে পারেন মানবিক ডিসি হিসেবে পরিচিত চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানিতে ইয়াসমিন উপস্থিত হলে মনোযোগ দিয়ে তার কথা শোনেন ডিসি। শুধু টেবিলে বসে সিদ্ধান্ত না নিয়ে নিচে নেমে তার অটোরিকশার পাশে দাঁড়ান তিনি। স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী এবং সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের গণশুনানি প্রতি বুধবার অনুষ্ঠিত হয়। সেখানে চিকিৎসা, শিক্ষা, ভূমি ও সামাজিক সহায়তাসহ নানা সমস্যা নিয়ে হাজির হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্প্রতি হাত-পা অচল কুরবান আলী একটি বৈদ্যুতিক হুইলচেয়ারের জন্য আবেদন করেছিলেন। গণশুনানি শেষ হওয়ার আগেই তার জন্য হুইলচেয়ার কিনে দেওয়া হয়। একইভাবে দিনমজুরের সন্তান ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ওমর ফারুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে অনিশ্চয়তায় ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শিক্ষা সহায়তা দেওয়া হয়।

চট্টগ্রামের পাহাড় রক্ষায়ও তৎপর জেলা প্রশাসন। অবৈধ পাহাড় কাটা ও ঝুঁকিপূর্ণ বসতি ঠেকাতে সীতাকুণ্ড, আকবর শাহ ও বায়েজিদ এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। পাহাড় কাটায় ব্যবহৃত ভারী যন্ত্রপাতি জব্দ ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।সন্ত্রাসী এলাকা হিসেবে চিহ্নিত জঙ্গল সলিমপুরকে সন্ত্রাস মুক্ত করতে কাজ করে যাচ্ছেন অব্যাহত। অনেকটাই এখন জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে এসে গেছে এবং জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও এখন অনেকটাই স্বাভাবিক।

একইভাবে কার্পজাতীয় মাছের প্রজননক্ষেত্র ও বিপন্ন গাঙ্গেয় ডলফিনের আবাসস্থল হালদা নদীতে অবৈধ বালু উত্তোলন, যান্ত্রিক নৌযান ও দূষণের বিরুদ্ধে অভিযান চলছে। জেলে ও ডিম সংগ্রহকারীদের সঙ্গে নিয়ে নদীর জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে প্রশাসন।

ভূমি সেবায় ভোগান্তি কমাতে সরকারি অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থা (GRS) তে গুরুত্ব দিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত চার মাসে চট্টগ্রামে অনলাইনে জমি-সংক্রান্ত ৮৮২টি অভিযোগের মধ্যে ৪৮৬টি নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তির হার ৫৫ শতাংশ, যেখানে জাতীয় গড় ২৯ শতাংশ। হাটহাজারীর নুরউদ্দিন অনলাইনে অভিযোগ করে ডাকযোগে নামজারির রেকর্ড পেয়েছেন। কাট্টলীর বাসিন্দা শফিকুল ইসলামও ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সমস্যার সমাধান পেয়েছেন।

সেপ্টেম্বরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জেলা প্রশাসক সম্ভব হলে নাগরিকের কাজ একই দিনে সম্পন্ন করার নির্দেশনা দেন এবং প্রতিদিন নিজেদের কাজের মূল্যায়ন ও আকস্মিক পরিদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।

চট্টগ্রাম চিড়িয়াখানায় ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বিনা মূল্যে প্রবেশ ও গাছের চারা বিতরণ, ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতায় ১ লাখ ৮১ হাজারের বেশি নিবন্ধন, যানজট নিয়ন্ত্রণে এআই ক্যামেরা ব্যবহার এবং গুজব মোকাবিলায় আইসিটি সেলের কার্যক্রম প্রশাসনের আধুনিকায়নের অংশ।

সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্পে বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর পর নিহতদের পরিবারের ক্ষতিপূরণ ৯ দিনের মধ্যে পৌঁছে দিতে সমন্বয়কের ভূমিকা পালন করে জেলা প্রশাসন। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান নিশ্চিত করার ওপরও জোর দিচ্ছেন ডিসি।

টাঙ্গাইলের ভূঞাপুরে জন্ম নেওয়া মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেছেন। রুশ ভাষায় ডিপ্লোমা এবং যুক্তরাজ্য থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে তিনি সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামের আগে তিনি রাজবাড়ী ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ছিলেন।

জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ইয়াসমিন আক্তারের ঘটনাটি প্রমাণ করে, মানবিক আচরণই সবচেয়ে বড় সেবা। তবে সবচেয়ে বড় সাফল্য হবে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যেখানে সাধারণ নাগরিককে স্বাভাবিক সেবা পেতে কোনো অসাধারণ কর্মকর্তার ব্যক্তিগত হস্তক্ষেপের প্রয়োজন হবে না।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *