শার্শায় পুলিশের অভিযানে ১৮ পিস স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮ পিস স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের ‘প্রাইম বিক্রম’ নামক ইটভাটাসংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক, এসআই শেখ মো. জাহিদুল আলমসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ১৮ পিস স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার আলাউদ্দীন যশোরের শার্শা উপজেলার হাজীখালী (যমুনাপুর) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত গোলাম রসুল এবং মাতার নাম মোছা. জাহেরা খাতুন।
যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান,এ ঘটনায় নিয়মিত চোরাচালানবিরোধী মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলমান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
