Probhat Barta

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৪৩, মোট রোগী ১,৮৯৮

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৮ জনে। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১১ জন নারী। এছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, গোমস্তাপুরে ৩ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে কোনো বেসরকারি হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া যায়নি। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জেলা হাসপাতালে ৯৮ জন—পুরুষ ৫৯ ও নারী ৩৯ জন। এছাড়া শিবগঞ্জে ৮ জন, গোমস্তাপুরে ৮ জন এবং ভোলাহাটে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৪২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আরও ২ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংস ও মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *