Probhat Barta

বেনাপোলে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

বেনাপোলে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসির

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে বেনাপোল ইউনিয়ন ছাত্রদলের নেতা ইয়াকুব আলীকে (২৩) জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই ছাত্রদল নেতা।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে। ওই সময় বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন ইয়াকুব আলী। পথিমধ্যে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাঁর ইজিবাইকের গতিরোধ করে। একপর্যায়ে তাঁকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় ইজিবাইকের অন্যান্য যাত্রীদের বাধার মুখে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনার পর থেকে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ইয়াকুব আলী।

জিডি সূত্রে আরও জানা যায়, ঘটনার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ৩০ অক্টোবর ২০২৬ তারিখে বেনাপোল পোর্ট থানায় উপস্থিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন তিনি। এ ঘটনায় থানায় দায়ের করা জিডির নম্বর ১১৯৫।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে কারা, কী কারণে এবং কী উদ্দেশ্যে তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্তের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী ছাত্রদল নেতা ।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *