মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার সীমান্তবর্তী রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া-নগরপাড়া এলাকার ২৩ বছর ধরে নির্মাণাধীন বালু নদের সেতু নির্মাণকাজ শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
৩০অক্টোবর শুক্রবার দুপুর ১২টার দিকে পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সেতুর সংযোগ সড়কের উপর আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক মোহাম্মদ আহসান উল্লাহ। সভায় বক্তব্য রাখেন পরিষদের আবু বক্কর সিদ্দিক, ইলিয়াছ আলী, হোসেন ব্যাপারী, সামসুদ্দিন, রফিকুল ইসলাম রফিক, গোলজার হোসেন ও এডভোকেট নাজমুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহীত প্রকল্প বালু নদের সেতু ২০০৩সালে নির্মাণ কাজ শুরু হয়। তখন ৭৫ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্যরে সড়ক ও জনপথ (সওজ) এর বালু নদের এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৫ কোটি ৮০ লাখ টাকা। গত ২৩বছরেও এ সেতু নির্মাণ কাজ আজও শেষ হয়নি। অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণ কাজ শেষ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরপাড়া এলাকা প্রদক্ষিণ করে।
উল্লেখ্য বালু নদের এ সেতু নির্মাণ কাজ শেষ হলে ঢাকার পূর্ব মাদারটেক, সবুজবাগ হয়ে বালু নদের সেতু পার হয়ে সিলেট ও চট্টগ্রামসহ ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকায় সহজেই আসা-যাওয়া করা যাবে। সেই দিক থেকে বালু নদের সেতুটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ।
