Probhat Barta

তিতাসে মাদকাসক্ত ছেলের কিল-ঘুষিতে বাবার মৃত্যু, আটক ছেলে

তিতাসে মাদকাসক্ত ছেলের কিল-ঘুষিতে বাবার মৃত্যু, আটক ছেলে।

রকিবুল ইসলাম রিপন স্ট্যাফ রিপোর্টারঃ কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত ছেলের কিল-ঘুষিতে নুরুল হক (৬৫) নামে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে মমিতুল ইসলাম রাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক ওই গ্রামের মৃত করম আলী ভূঁইয়ার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়িতে নুরুল হক ও তাঁর ছেলে মমিতুল ইসলাম রাজনের মধ্যে নানার বাড়ির সম্পত্তি বিক্রি করা নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা তীব্র হলে রাজন তাঁর বাবাকে কিল-ঘুষি মারেন। এতে নুরুল হক মাটিতে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান।

ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল হকের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে তাঁর ছেলে মমিতুল ইসলাম রাজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে, মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যুর খবরটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

তিতাস থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের ছেলে মমিতুল ইসলাম রাজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *