ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে কৃষি ব্যবসার প্রাথমিক ধারণা ও পাবস পর্যায়ে কৃষি যান্ত্রিকীকরণ প্রয়োগ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এবং জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের (CDRSSWRMP) আওতায় ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যাচ-৬ এর এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুধবার ও বৃহস্পতিবার (৭ ও ৮ অক্টোবর) উপজেলা সদরের পাবস অফিস ভবনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রতিদিন সকাল ৯টা থেকে দিনব্যাপী কার্যক্রম চলে। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন এলজিইডির এগ্রো প্রসেসিং ম্যানেজমেন্ট স্পেশালিস্ট কুদরত-ই-খোদা মো. নাসির এবং এগ্রি বিজনেস/মার্কেট ইন্টিগ্রেশন স্পেশালিস্ট গাজী মুহাম্মাদ আব্দুল্লাহ মাহদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির সহকারী প্রকৌশলী মো. তানভীর উর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. শাহিনুর রহমান এবং সমিতির সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেনসহ সংশ্লিষ্টরা।
প্রশিক্ষণে অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি, পানি, মৎস্য ও কৃষি উপ-কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষি ব্যবসার প্রাথমিক ধারণা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষি যান্ত্রিকীকরণ, উৎপাদন বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণার্থীরা জানান, বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও যান্ত্রিকীকরণ সম্পর্কে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং কৃষিপণ্য সঠিকভাবে বাজারজাতকরণে তারা আরও দক্ষ হয়ে উঠবেন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে তাদের কৃষি কার্যক্রমকে আরও সফল ও লাভজনক করতে সহায়ক হবে। প্রশিক্ষক কুদরত-ই-খোদা মো. নাসির বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কৃষি যান্ত্রিকীকরণের পাশাপাশি উৎপাদিত পণ্যের সঠিক বাজার ব্যবস্থাপনা প্রয়োজন। কৃষক ও পানি ব্যবস্থাপনা সমিতির সদস্যদের আধুনিক প্রযুক্তি ও কৃষি ব্যবসার ধারণা দেওয়া হলে উৎপাদনশীলতা ও আয় উভয়ই বাড়ানো সম্ভব।সভাপতির বক্তব্যে মো. মাহফুজুর রহমান বলেন, আধুনিক কৃষির সঙ্গে তাল মিলিয়ে চলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে সমিতির সদস্যরা কৃষি উৎপাদন, যান্ত্রিকীকরণ ও বাজারজাতকরণ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছেন, যা ভবিষ্যতে অগ্রণী সেচ প্রকল্পের কৃষি কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
