Probhat Barta

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা ফায়ার; আহত ২, ভারতীয় নাগরিক আটক

সাইফুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাহাজুল (৪০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এদিকে, ঘটনার পর উত্তেজনার মধ্যে এক ভারতীয় নাগরিককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ছাড়া অপর এক ভারতীয় নাগরিককে ধরে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। এসব ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামালপুর সীমান্তের ১৫২/১০-এস আন্তর্জাতিক সীমান্ত পিলারসংলগ্ন শূন্যরেখার কাছে এ ঘটনা ঘটে। আহত সাহাজুল ওই এলাকার সাবাজের ছেলে।

বিজিবি জানান, জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে নিজের জমিতে ঘাস কাটছিলেন সাহাজুল। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের একটি টহলদল তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে সাহাজুল কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে আহত হন।

স্থানীয় সূত্রের দাবি, বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে সীমান্তের এপারে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে কয়েকজন স্থানীয় কৃষক ভারতীয় নাগরিক বিদ্বান বিশ্বাসকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় কাজল ঘোষ (৩০) নামে অপর এক ভারতীয় নাগরিককে ধরে বিজিবির কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।

বিদ্বান বিশ্বাস ভারতের নদীয়া জেলার বাসিন্দা দীপেন বিশ্বাসের ছেলে। অন্যদিকে, কাজল ঘোষ ভূপেন ঘোষের ছেলে। তাঁর বাড়ি ভারতের নদীয়া জেলার রায়ডাঙ্গা এলাকায়।

ঘটনার পর সীমান্তের সংশ্লিষ্ট এলাকায় বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। বিএসএফ সদস্যরা সীমান্তে অবস্থান নিয়েছেন। পাশাপাশি সীমান্তের নিরাপত্তা জোরদার করতে বিজিবির পক্ষ থেকে বাংকার নির্মাণের কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হচ্ছে।

এ ঘটনায় জামালপুর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত ব্যক্তিদের চিকিৎসা, আটক ভারতীয় নাগরিকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতার দিকে নজর রাখছেন স্থানীয়রা।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *