রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে বাসায় ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মোহাম্মদ আবু জাহেদ (৪৮) নামের
এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। গত ১০ অক্টোবর শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দেশটির শারজা প্রদেশে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আবু জাহেদ চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর হিংগলা গ্রামের মফজল ডাক্তার বাড়ির মৃত মোহাম্মদ এজাহার মিয়ার পুত্র। জেরিন আকতার (১০) ও আফরিন আকতার (৩) বছর বয়সী তার দুই কন্যা সন্তান রয়েছে। নিহতের স্বজনরা জানান, ২০২৫ সালে দেশে এসে কয়েকমাস ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে সেপ্টেম্বর মাসে ফের প্রবাস জীবনে ছুটে যান।
সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এলাকায় একটি গ্রোসারীতে বিক্রয়কর্মীর কাজ করতো। গত ১০ অক্টোবর শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বাসায় ঘুমন্ত অবস্থায় পাশের রুমের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ধোঁয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন জাহেদ। নিহত আবু জাহেদের বন্ধু মোঃ আবছার, আলমগীর হোসেন ও আবু হানিফ জানান, জাহেদ ছিল স্কুল, কলেজ জীবন থেকেই বন্ধু মহলের পরিচিত মুখ। দেশে ছুটিতে আসলে বন্ধুদের সাথে আড্ডামুখড়তায় মেতে থাকতেন। তার আকস্মিক মৃত্যু সংবাদ শুনে বন্ধুমহলে নেমে এসেছে শোকের ছায়া। নিহত আবু জাহেদ রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার ছোট বোনের জামাতা। তার এই মর্মান্তিক মৃত্যুতে রাউজান প্রেস ক্লাব, রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবসহ নানা সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে।
