Probhat Barta

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

প্রভাত বার্তা.কি.মি.: মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল হাই আর নেই। দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার পর গতকাল রাত ১২টা ৫৪ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন বলে জানানো হয়েছে।

তাঁর মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং সংসদ সদস্য ও স্থানীয় সরকার উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন।

আলহাজ্ব আব্দুল হাই ১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৭৯ সালে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মুন্সীগঞ্জ-  ৩ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদে তিনি প্রতিনিধিত্ব করেন। অষ্টম জাতীয় সংসদে তিনি প্যানেল স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি স্থানীয় সরকার উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নিজ এলাকার উন্নয়ন ও সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন।

তাঁর মৃত্যুর সংবাদে রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও অনুসারীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *