Probhat Barta

রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি /ভোগান্তিতে পথচারী / দুর্ঘটনা বাড়ছে

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-ডাঙা সড়কের মাঝখানে পাঁচ কিলোমিটার দীর্ঘ অংশে বৈদ্যুতিক খুঁটি রেখেই নির্মাণকাজ ৯৫ভাগ শেষ করা হয়েছে। এলাকাবাসীর বহু আবেদন নিবেদন করা হলেও সড়কের ওপর থেকে সরানো হয়নি শতাধিক বিদ্যুতের খুঁটি। এর মধ্যে ৪৬টি খুঁটি সড়কের একেবারে ভেতরে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। এতে বাড়ছে দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ এসব খুঁটি অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সড়ক নির্মাণ প্রায় শেষ। কিন্তু সেই খুঁটি সরানো অনিশ্চিত হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, রাস্তা নতুন, কংক্রিট নতুন, শুধু বাধাগুলো পুরোনো। সদ্য নির্মিত সড়কের বুক চিরে দাঁড়িয়ে আছে একের পর এক বিদ্যুতের খুঁটি। কোথাও মাঝখানে। কোথাও চলাচলের অংশে। আবার কোথাও রাস্তার একেবারে গা ঘেঁষে। এখনও উদ্বোধন হয়নি। তাই ভাড়ী যানবাহনের নিয়মিত চলাচল শুরু হয়নি। তবে অটোরিকশাসহ ছোট যানবাহন চলছে। আর নতুন সড়কে তাদের পথ আগলে আছে এসব খুঁটি। সড়কের বুকে বাঁধা হয়ে দাঁড়িয়ে থাকা এসব খুঁটির অংশে দিনের আলোতেই হিসাব কষে পাশ কাটাতে হচ্ছে ছোট পরিবহনকে।

স্থানীয়দের শঙ্কা, সড়ক পুরোপুরি চালু হলে, ভাড়ী যানবাহন চলাচলের সময় ঝুঁকি বাড়বে আরও।
রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা ও ভোলাবো ইউনিয়নের সঙ্গে নরসিংদীর পলাশ ও ঘোড়াশালসহ আশপাশের এলাকার যোগাযোগে গুরুত্বপূর্ণ এই কাঞ্চন- ডাঙা সড়ক। সড়ক ও জনপথ অধিদপ্তরের ৫ কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় ২৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার টাকা। সড়কের নির্মাণকাজ প্রায় শেষ। কংক্রিটের ঢালাই হয়েছে। কাজও শেষ পর্যায়ে। এখন আবার সেই নতুন সড়কের অংশই কাটতে হবে। কারণ সড়কের ভেতরে থাকা ৪৬টিসহ শতাধিক বিদ্যুতের খুঁটি সরিয়ে নিতে হবে অন্য জায়গায়। খুঁটি সরানোর পর আবার করতে হবে মেরামত। অর্থাৎ আগে খুঁটি সরিয়ে পরে রাস্তা নির্মাণের বদলে, আগে রাস্তা নির্মাণ, পরে খুঁটি সরানো, তারপর আবার রাস্তা মেরামত। তাতে খরচ বাড়বে।

সড়ক নির্মাণের শুরুতেই খুঁটি সরাতে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কাছে আবেদন করেছিল সওজ। পল্লী বিদ্যুৎ খুঁটি স্থানান্তরের ব্যয় নির্ধারণ করে সওজকে অর্থ জমা দিতে জানায়। কিন্তু সেই অর্থ আর সময়মতো পরিশোধ করেনি সওজ। এ কারনে সড়ক থেকে খুঁটি সরেনি। কিন্তু থামেনি সড়কের কাজও। নির্মাণ এগিয়েছে, ঢালাই হয়েছে, কাজ পৌঁছেছে ৯৫ শতাংশে। আর খুঁটি থেকে গেছে সেখানেই।

পল্লী বিদ্যুৎ বলছে, ২০২৫ সালেই সওজকে খুঁটি স্থানান্তরের ব্যয়ের হিসাব দেওয়া হয়েছিল। টাকা জমা না পড়ায় তখন খুঁটি সরানো হয়নি। আগামী দুই মাসের মধ্যে সব খুঁটি সরানোর আশ্বাস দিয়েছে পল্লী বিদ্যুৎ।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে কাঞ্চন-ডাঙা সড়কটি ২৪ ফুট প্রশস্ত করে নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সড়কটির প্রায় সাড়ে চার কিলোমিটার অংশে শতাধিক পল্লী বিদ্যুতের খুঁটি রয়েছে। এর মধ্যে ৪৬টি খুঁটি সড়কের মূল অংশের মধ্যে রয়েছে ।

স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর বিদ্যুতের খুঁটি থাকায় যানবাহন চলাচলে প্রতিনিয়ত ঝুঁকি তৈরি হচ্ছে। খুঁটি এড়িয়ে চলতে গিয়ে চালকদের অনেক সময় সড়কের বিপরীত পাশে চলে যেতে হচ্ছে। উল্টে যাচ্ছে পরিবহণ। প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

ভোলাবো ইউনিয়নের পাইস্কা গ্রামের বাসিন্দা কাজি রেজাউল হক বলেন, সড়কের ওপর বিদ্যুতের খুঁটি থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। সড়কটি নির্মাণ করা হলেও খুঁটি না সরানোর কারণে এর সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। দ্রুত খুঁটিগুলো অপসারণ করা প্রয়োজন।
কাঞ্চন পৌরসভার বিরাবো গ্রামের বাসিন্দা এসএম আবু কাউছার বলেন, সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে রাতে খুঁটিগুলো এড়িয়ে যানবাহন চলাচল করতে গিয়ে চালকদের সমস্যায় পড়তে হয়। তাতে দুর্ঘটনা বাড়ছে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ বলেন, সড়কের মাঝখানের খুঁটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির নিজস্ব ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। এরই মধ্যে নয়টি খুঁটির কাজ শেষ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে কাজটি সম্পন্ন হবে
বাজেট পাওয়া যায়নি। তবে বাজেট পাওয়া মাত্রই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অর্থ পরিশোধ করা হবে। এর মধ্যে খুঁটি অপসারণের কাজ শুরু করতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *