Probhat Barta

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিপন নামে এক ওয়ার্ড যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতরাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইস্কা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রিপন পাইস্কা এলাকার মহিবুল্লার ছেলে। তিনি ভোলাবো ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিপনের সঙ্গে স্থানীয় যুবদল নেতা রিফাত কাজী ও ছাত্রদল নেতা তানভীর কাজীর বিরোধ চলে আসছিল। এরই জেরে গতরাত সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে রিপনকে একা পেয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, রিফাত কাজী, তানভীর কাজীসহ কয়েকজন আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে রিপনের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *