প্রভাত বার্তা.কম : মানবতাই হোক মানবসেবা’—এই স্লোগান’কে ধারণ করে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘সত্যের আলো শান্তি সংঘ’। সংগঠনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় আজ ১৯ অক্টোবর ২০২৬, রোজ সোমবার স্থানীয় ৩টি অসচ্ছল ও অসহায় পরিবারকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, বিগত দুই দিনে (গতকাল ও আজ) ৩টি ভিন্ন ও জরুরি চিকিৎসায় এই মানবিক আর্থিক অনুদান সরাসরি উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়।সংগঠনের অন্যতম সদস্য মোঃ ইয়াসিন শিকদারের মাধ্যমে একজন দরিদ্র ও অসহায় বোনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।
এছাড়া, সাড়ে চার বছরের এক শিশুর ব্রেন টিউমারের ব্যয়বহুল চিকিৎসার জন্য সংগঠনের নিবেদিত সদস্য মোঃ ইমতিয়াজের মাধ্যমে মানবিক আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়।
একই সাথে, জন্মগতভাবে একটি চোখ অন্ধ এবং অপর চোখটিও নষ্টের পথে থাকা চরম সংকটাপন্ন এক তরুণের চক্ষু চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে। উপযুক্ত চিকিৎসা না পেলে তার সম্পূর্ণ অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে—এমন পরিস্থিতিতে সংগঠনের সদস্য এম. আর. সেলিমের মাধ্যমে এই চক্ষু চিকিৎসার অর্থ হস্তান্তর করা হয়।
উক্ত চিকিৎসা সহায়তা কর্মসূচি সংগঠনের নিজস্ব ফান্ড ও সম্মানিত সদস্য অর্থায়নে সম্পন্ন করা হয়।
অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ‘সত্যের আলো শান্তি সংঘ’-এর আহ্বায়ক জনাব মোঃ সানাউল্লাহ মীর।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ তরিকুল ইসলাম বাবু, মোঃ আরিফুল ইসলাম, মোঃ ইয়াসিন সিকদার, মোঃ সাইফুল্লা রিটন, এম. আর. কবি সেলিম এবং তৌফিক হাসান। এছাড়া, প্রবাসে থেকেও পুরো মানবিক আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান পরামর্শ ও বিশেষ সহযোগিতা প্রদান করেছেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কাউসার মহিদ আকাশ।
সফলভাবে এই মানবিক কার্যক্রমটি সম্পন্ন করতে পেরে সংগঠনের আহ্বায়ক ও সদস্যবৃন্দ মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করেছেন। বক্তাবলী পরগনা সহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনের এই মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
