প্রভাত বার্তা.কম: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন শিকদার বাজার, গাবতলী, টাগারপাড় এলাকায় একটি বাসায় সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও রূপার অলংকার উদ্ধার করা হয়।
ঘটনার সূত্রে জানা যায়, গত ০১/০৯/২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৯.৫০ ঘটিকা হতে দুপুর ১২.৫০ ঘটিকার মধ্যে ফতুল্লা থানাধীন শিকদার বাজার, গাবতলী, টাগারপাড় এলাকায় একটি বাসায় অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে প্রবেশ করে নগদ ২,২০,০০০/- টাকা, স্বর্ণালংকার, রূপার অলংকার ও সিসি ক্যামেরার ডিভিআরসহ আনুমানিক ১,১০,৫০,০০০/- (এক কোটি দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। মামলার তদন্তকালে ঘটনাস্থলের পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ভিডিও ফুটেজে ঘটনার দিন বাড়ির ড্রাইভার হোসেন (৪২)-কে পরিবারের সদস্যদের অগোচরে বাড়িতে প্রবেশ এবং কিছুক্ষণ পর বের হয়ে যেতে দেখা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ তার গতিবিধি নজরদারিতে রাখে।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ বাউন-এর নেতৃত্বে এসআই মিলন ফকিরসহ ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানের ধারাবাহিকতায় গত ১৪/০৯/২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় শিকদার বাজার, গাবতলী, টাগারপাড় এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি হোসেন (৪২), পিতা-কালাম, সাং-চাপাতলী, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, বর্তমানে ফতুল্লা থানাধীন চানমারি এলাকার জাকিরের বাড়ির ভাড়াটিয়া-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে চুরি মামলার ৪৯ (ঊনপঞ্চাশ) ভরি ১৫ আনা স্বর্ণালংকার এবং ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
চুরি, ডাকাতিসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
