এম আর পলাশ, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়ীয়া বাজারে প্রতি শুক্রবার বসে গরুর হাট। হাটকে কেন্দ্র করে বাজারের প্রধান সড়কের ওপর গরু ওঠানামা, ক্রেতা-বিক্রেতার ভিড় এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও দূরপাল্লার যানবাহনের যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, শুক্রবার গরুর হাটের কারণে চৌবাড়ীয়া বাজারের সড়ক অনেকটা সংকুচিত হয়ে পড়ে। একপর্যায়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ফলে বাজারের ওই অংশ পার হতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় লাগে। অনেক সময় যানজটের কারণে রোগীবাহী গাড়িকেও দীর্ঘক্ষণ আটকে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, যানজটের কারণে জরুরি কাজে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। দূরপাল্লার ট্রাক,বাস ও অন্যান্য যানবাহন আটকে যাওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোও কঠিন হয়ে পড়ে। কখনো কখনো চৌবাড়ীয়া বাজারের যানজট পার হতে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়।
ভুক্তভোগীদের দাবি, গরুর হাটের জন্য নির্ধারিত স্থান ব্যবহার এবং সড়ক দখলমুক্ত রেখে হাট পরিচালনা করা হলে যানজট অনেকটাই কমানো সম্ভব। বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে হাটের দিন সড়কে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রতি শুক্রবার চৌবাড়ীয়া বাজারের যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
