চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই পক্ষেই ঘটেছে সংঘর্ষের ঘটনা। এতে দুই বাংলাদেশী আহত হয়েছে। এরা হলো, রনি ও ফারুক। শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাঁটাতারের বেড়ার পাশে ৫০০-৬০০ ভারতীয়কে জড়ো করে। পরে তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে ভারতীয়দের ধাওয়া করেন বাংলাদেশিরা। এতে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এছাড়া বিএসএফ সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে। তারা বাংলাদেশি ভূখন্ডে প্রবেশ করে চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ এবং শতাধিক বরইগাছ কেটে ফেলেছে।
বিজিবি জানায়,নোম্যানস ল্যান্ড এলাকায় গম কাটাকে কেন্দ্র করে শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়। সীমান্তের এপার-ওপারে দুই দেশের উত্তেজিত জনতা মারমুখী অবস্থানে রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ঘটনাস্থলে উপস্থিত ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক ইমরুল কায়েস বলেন,বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত ফোর্স তলব করা হয়েছে। অপর দিকে ভারতীয় সীমান্তেও অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে। বিকেলে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সিদ্ধান্তের কথা জানা যায়নি।