মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে: খুলনার তেরখাদা উপজেলায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন দলীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এমন অভিযোগ তুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় কর্মকাণ্ড ও সুযোগ-সুবিধা বণ্টনে বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সোমবার বিকেলে খুলনা আইনজীবী সমিতির কার্যালয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরদার। সভা পরিচালনা করেন তেরখাদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মল্লিক,তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফএম হাবিবুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোল্লা মাহাবুবুর রহমান,সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আজিজুর রহমান আজিবার,কামাল উদ্দিন লস্কর, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, তেরখাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক মোল্লা কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, তেরখাদা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অনেক ত্যাগী নেতাকর্মী দলীয় সুযোগ-সুবিধা ও কর্মকাণ্ডে যথাযথভাবে সম্পৃক্ত হতে পারছেন না। তাদের অভিযোগ, স্থানীয় পর্যায়ে কিছু ‘হাইব্রিড’ নেতাকর্মী ও প্রভাবশালী ব্যক্তির প্রভাবের কারণে দীর্ঘদিনের তৃণমূল নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন।
সভায় স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল-এর নাম উল্লেখ করে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। বিশেষ করে সাবেক এক চেয়ারম্যান ও প্রভাবশালী নেতার বিরুদ্ধে দলীয় কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের অভিযোগ তোলা হয়েছে।
তবে সভায় উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। অভিযোগ গুলোর স্বাধীন সত্যতা যাচাইও করা সম্ভব হয়নি। সভায় তেরখাদার তৃণমূল নেতাকর্মীদের দলীয় কর্মকাণ্ডে সমানভাবে সম্পৃক্ত করা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং দলীয় সুযোগ- সুবিধা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
