Probhat Barta

কুষ্টিয়ায় জামায়াত এমপির স্বজনদের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সাইফুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: জামায়াত এমপির স্বজনদের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি এম এ উল্লাস। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, কুন্ডুপাড়ায় একটি সড়ক নির্মাণে নিম্নমানের ইট-বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে যান। সংবাদ সংগ্রহের একপর্যায়ে কুষ্টিয়া-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই ও ভাতিজাদের নেতৃত্বে একদল লোক তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ ঘটনায় কুষ্টিয়ার কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। কুষ্টিয়া প্রেসক্লাবের একাধিক সাংবাদিক বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। শুধু ফেসবুকে নিন্দা নয়, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *