Probhat Barta

আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের ঘোষণা দিয়ে বেনাপোলে শ্রমিক ইউনিয়নের মোটরসাইকেল মিছিল

শার্শা উপজেলা প্রতিনিধি: আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিহতের ঘোষণা দিয়ে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে শ্রমিক ইউনিয়ন দুটির উদ্যোগে বেনাপোল বাজার ও স্থলবন্দর এলাকায় এ মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বেনাপোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক শহীদ হোসেন এবং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর সাধারণ সম্পাদক লিটন হোসেন। এ সময় শ্রমিক ইউনিয়ন দুটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকেরা অংশ নেন।

মিছিল পরবর্তী বক্তব্যে শ্রমিক নেতা শহীদ হোসেন বলেন, শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা যাতে বেনাপোল স্থলবন্দরে কোনো ধরনের প্রভাব বিস্তার কিংবা অপতৎপরতা চালাতে না পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। এ জন্য শ্রমিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিছিলের আয়োজকেরা বলেন, বেনাপোল স্থলবন্দরে কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা অপতৎপরতা বরদাশত করা হবে না। যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সতর্ক রয়েছেন।

মোটরসাইকেল মিছিলকে কেন্দ্র করে বেনাপোল বাজার ও স্থলবন্দর এলাকায় শ্রমিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *