মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ গত ১২-০৯-২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় সংবাদ আসে যে, গজারিয়া থানাধীন চর বাউশিয়া মধ্যমকান্দি সাকিনস্থ জনৈক মোঃ সুমন সরকার (৪০) এর স্ত্রী রিনা বেগম (৩২) এর লাশ নিজ বসতঘরে পাওয়া গেছে। সংবাদ প্রাপ্তির পর গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করে। উক্ত ঘটনায় ভিকটিম রিনা বেগমের ভাই সাফায়েত হোসেন (২৩) বাদী হয়ে গজারিয়া থানার মামলা নং- ২১, তারিখ- ১৩-০৯-২০২৬ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪/১১৪ পেনাল কোড দায়ের করেন। সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ কামরান হোসেন, মুন্সীগঞ্জ এর তদারকিতে এবং অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ সদর সার্কেল, মোঃ ইমরান আহম্মেদ, পিপিএম-সেবা এর তত্ত্বাবধানে গজারিয়া থানা পুলিশের একাধিক টিম মামলার প্রাথমিক তদন্ত ও আসামী গ্রেফতারের নিমিত্তে দ্রুত অভিযান শুরু করে। ভিকটিম রিনা বেগম (৩২), গজারিয়া থানাধীন টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মোঃ ইব্রাহিমের মেয়ে। রিনা বেগম (৩২) এবং মোঃ সুমন সরকার (৪০) প্রায় ১৭ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সুমন পেশায় একজন রং মিস্ত্রি। ঘটনার পর থেকে সুমন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য বিশ্লেষন পূর্বক গজারিয়া থানার একটি চৌকস টিম অদ্য ১৩/০৯/২০২৬ খ্রিঃ তারিখ ভোর রাত ০৩.৪৫ ঘটিকায় গজারিয়া থানাধীন টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকা থেকে মোঃ সুমন সরকার (৪০)-কে গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার নিজ স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় সুমন ও তার স্ত্রীর মধ্যে প্রায়শই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে পারিবারিক কলহ লেগেই থাকতো। সুমন ইতিপূর্বেও তার স্ত্রী রিনা বেগমকে একাধিকবার মারধর করেছে মর্মে জানা যায়। ঘটনার দিন অর্থাৎ ১১/০৯/২০২৬ খ্রিঃ তারিখ দিবাগত রাত অনুমান ২১.০০ ঘটিকায় সুমন তার নিজ বাড়িতে আসে এবং স্ত্রীকে খাবার পরিবেশন করতে বলে। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে এবং একপর্যায়ে সুমন তার স্ত্রীর মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলে। পরবর্তীতে রাত অনুমান ২২.০০ ঘটিকায় রিনা বেগম তার মেয়ের সাথে ছোট রুমে শুয়ে পড়ে। সুমন পার্শ্ববর্তী বড় রুমে শুয়ে ছিল। রাত অনুমান ০১.০০ ঘটিকায় সুমন তার স্ত্রী রিনা বেগম যে রুমে শুয়েছিল সেখানে যায় এবং ঘুমন্ত অবস্থায় গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর সুমন নিজ ঘরে অবস্থান করে ফজরের নামাজের সময় বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ আদায় করে কুমিল্লার দিকে চলে যায়। সারাদিন কুমিল্লার বুড়িচং, চান্দিনা, দাউদকান্দি, তিতাস ও মেঘনা থানা এলাকায় অবস্থান করে। গজারিয়া থানার একটি চৌকস দল কুমিল্লায় তাকে অনুসরণ করতে থাকে। গত ১২/০৯/২০২৬ খ্রিঃ তারিখ গভীর রাতে সুমন ঢাকার দিকে রওনা হলে গজারিয়া থানার অপর একটি দল তাকে টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম, ঠিকানা ১. মোঃ সুমন সরকার (৪০), পিতা- বাছেদ সরকার, সাং- চর বাউশিয়া মধ্যমকান্দি, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ।
