আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মধুপুর সার্কেলের তিন পুলিশ কর্মকর্তা। জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম। একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন মধুপুর থানার এসআই মো. আমিনুল ইসলাম এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই নির্বাচিত হয়েছেন এসআই খন্দকার জিয়াউল হক।
পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, নিষ্ঠা ও কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁরা এ সম্মাননা অর্জন করেছেন। তাঁদের এ সাফল্যে মধুপুরের পুলিশ বিভাগসহ সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এ অর্জন মধুপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকবিরোধী অভিযান পরিচালনায় পুলিশ সদস্যদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। বিশেষ করে মাদক নির্মূলে তাঁদের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কৃতিত্বপূর্ণ এ অর্জনে মধুপুর উপজেলাবাসীর পক্ষ থেকে তিন পুলিশ কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তাঁদের পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে জননিরাপত্তা ও জনসেবায় এ ধরনের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
