Probhat Barta

বুধবার, ২৪শে জুন, ২০২৬, রাত ১:৫১ মিনিট

অনুসরণ করুনঃ

সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

নওগাঁ প্রতিনিধিঃ: নওগাঁর মান্দা উপজেলায় গভীর রাতে উচ্চশব্দে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় একটি পরিবারের ওপর অতর্কিত ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ একই পরিবারের তিন সদস্য গুরুতর জখম হয়েছেন। বর্তমানে হাসপাতালের বিছানায় জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা।

গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—ভারশোঁ গ্রামের রহিদুল ইসলামের ছেলে হাফিজুর রহমান (৩৫), তাঁর স্ত্রী সাদিয়া (২৫) এবং শাশুড়ি উম্মে হাবিবা। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে অভিযুক্ত সাদ্দাম (৩৫), সালাউদ্দিন (৩৬) সহ তাঁদের সহযোগীরা গভীর রাত পর্যন্ত উচ্চশব্দে সাউন্ড বক্স বাজাচ্ছিলেন। এতে আশপাশের মানুষের ঘুমে প্রচণ্ড ব্যাঘাত ঘটছিল। গভীর রাতেও বক্সের শব্দ বন্ধ না হওয়ায় হাফিজুর রহমান তাঁদের সাউন্ড বক্সটি বন্ধ করার অনুরোধ জানান।

এই অনুরোধের জেরে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ একই এলাকার আলীর ছেলে সাদ্দাম এবং মোহাম্মদ সামাদের ছেলে সালাউদ্দিনের নেতৃত্বে একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাফিজুরের ওপর অতর্কিত হামলা চালায়। স্বামীকে বাঁচাতে স্ত্রী সাদিয়া এবং শাশুড়ি উম্মে হাবিবা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদেরও এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাদ্দাম ও সালাউদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি ঘটনার পর থেকে তাঁরা এলাকা ছেড়ে পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনজনের অবস্থাই এখন আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)
খোরশেদ আলম সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: