মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া, মাঝিনা, বড়ালু পাড়াগাঁও, কেওঢালা মৌজায় জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১৮ অক্টোবর রবিবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ এ কর্মসূচি পালন করে। মানববন্ধনপূর্বক ইউনিয়ন ভূমি অফিসের মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংরক্ষণ পরিষদের আহসানউল্লাহ মাস্টার।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট নাজমুল হাসান, ভুক্তভোগী জমির মালিক নাওড়া গ্রামের প্রবীর সরকার, মাঝিনা গ্রামের আয়নাল হক, বড়ালু পাড়াগাঁও গ্রামের হাজী সিরাজুল ইসলাম, কেওঢালা গ্রামের হাসনা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন মৌজায় অসাধু জালিয়াত চক্র, ভুয়া ও খাড়া দলিল সৃজন করে জমি দখলে নিচ্ছে। কাল্পনিক ওয়ারিশ প্রস্তুত করে অবৈধভাবে জমির নামজারি সম্পাদন করা হচ্ছে।
জালিয়াত চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে কৃষকদের জমি আবাসন প্রকল্পে বিক্রি করে দিচ্ছে। তাতে জমির মালিকরা চরম নিরাপত্তাহীনতা ও অস্তিত্ব সংকটে ভুগছেন। যাচাই-বাছাই করে জমির নামজারি করতে হবে। অবৈধ নামজারি ও কাল্পনিক ওয়ারিশ সৃষ্টি বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে তারা স্মারকলিপি প্রদান করে।
