নিজস্ব প্রতিনিধি -ইমাম হোসেন সবুজ : ফতুল্লার মাসদাইরে মাদকবিরোধী অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মাসদাইর বড় কবরস্থান এলাকায় মোশারফের চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাসদাইর বেকারির মোড় এলাকার দিদার (৬০), জামালপুরের মেলান্দহ উপজেলার চিনিতোলা এলাকার মো. আলতাব (৪০), মাসদাইর বেকারির মোড় এলাকার মো. আলিফ (২৩) এবং শেরে বাংলা রোড এলাকার সোলায়মান সানি (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে চারজনকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে দিদারের পিসিপিআর (পূর্ববর্তী অপরাধের তথ্য) যাচাই করে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ফতুল্লা মডেল থানা পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।
