Probhat Barta

মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাইমদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম ফজলুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানার এসআই রফিকুল ইসলাম, এসআই আমিনুল ইসলাম, এসআই কামরুল ইসলাম ও এসআই আসাদুজ্জামানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে জলছত্র এলাকার শুভ দাসের (২৩) বসতঘরে তল্লাশি চালিয়ে ৮২ লিটার দেশীয় চোলাইমদ এবং একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামে রাখা ৪০ লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। এ ঘটনায় হীরা লাল গৌড় (৪৮), শ্রীকৃষ্ণ গৌড় (২৯) ও শুভ দাসকে আসামি করে মধুপুর থানায় মামলা নম্বর-৬ (তারিখ ৪ নভেম্বর ২০২৬) দায়ের করা হয়েছে।
অপরদিকে, একই এলাকার নয়াপাড়ায় নারায়ণ বর্মনের (৪৯) বসতঘরে অভিযান চালিয়ে ৬১ লিটার চোলাইমদ ও একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামে রাখা ৫০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় নারায়ণ বর্মন ও হারুন অর রশিদকে (৫০) আসামি করে মধুপুর থানায় মামলা নম্বর-৭ (তারিখ ৪ নভেম্বর ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, পৃথক দুটি মামলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক)/২৪(গ) ধারায় দায়ের করা হয়েছে।
মধুপুর থানার পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *