Probhat Barta

বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা ছেলে

বিশেষ প্রতিনিধি : মাদক কেনার টাকা ও পারিবারিক বিরোধের জেরে জন্মদাতা পিতাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর থেকে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না ছেলে আনোয়ার হোসেনের। প্রতিবেশীর বাড়িতে মুঠোফোন চার্জ দিতে এসে স্থানীয় জনতার হাতে ধরা পড়েছেন তিনি। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত এলাকাবাসী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে গাজীপুরের শ্রীপুর থানা-পুলিশ তাকে আনুষ্ঠানিক হেফাজতে নেয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নেশার টাকা দাবি ও পারিবারিক কলহকে কেন্দ্র করে বাবা আব্দুস সামাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান ছেলে আনোয়ার হোসেন। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে একটি শক্ত লাঠি দিয়ে আব্দুস সামাদের মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন তিনি। গুরুতর এই আঘাতেই ঘটনাস্থলে বাবার মৃত্যু হয়।

বাবার মৃত্যুর পর মুহূর্তেই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান আনোয়ার। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল সম্পন্ন করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করে। এ ঘটনায় নিহতের ভাই ও অভিযুক্তের চাচা কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের স্বজন তানজিম আহমেদ পুষ্প জানান, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত আনোয়ারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ ও স্বজনেরা বিভিন্ন স্থানে সম্ভাব্য ঠিকানায় সন্ধান চালিয়েও তার কোনো হদিস পাচ্ছিলেন না। অবশেষে মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে মোবাইল ফোনে চার্জ দেওয়ার জন্য গোপনে নিজ গ্রামের এক প্রতিবেশীর বাড়িতে যান আনোয়ার। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা আশপাশের লোকজনকে খবর দেন।

চারপাশে মানুষের উপস্থিতি বুঝতে পেরে আনোয়ার দৌড়ে পালানোর চেষ্টা চালান। তবে স্থানীয়রা ধাওয়া করে তাকে ধরে ফেলেন এবং যাতে পুনরায় পালাতে না পারেন, সেজন্য একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে থানায় খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বুধবার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *