Probhat Barta

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। র‌্যালিতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুব সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এরপর বৃক্ষরোপন শেষে জেলা যুব ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে যুবসমাজের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। শুধু চাকরির ওপর নির্ভর না করে নিজস্ব উদ্যোগে কর্মসংস্থান গড়ে তোলার জন্য তরুণ প্রজন্মকে উৎসাহিত করেন অতিথিরা।

স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর মো. রাকিবুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দফতরটির সহকারী পরিচালক মো. সাদিকুজ্জামান।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণে ছিল স্থানীয় তরুণ উদ্যোক্তা ও আত্মকর্মীদের উৎপাদিত সামগ্রীর বিশেষ প্রদর্শনী। এই মেলায় হস্তশিল্প, কুটিরশিল্প, নারীদের তৈরি পোশাক এবং হরেক রকমের খাদ্যপণ্য তুলে ধরা হয়।

প্রদর্শনী ছাড়াও সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক হস্তান্তর করা হয়। একই সঙ্গে নিবন্ধিত যুব সংগঠনগুলোকে স্বীকৃতি সনদ ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *