সাইফুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে জমির রাস্তার সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল হক বাদাল (৫২) নিহত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমদাদুল হক বাদাল (৫২) ওই এলাকার সুলতান বাদালের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। এ ঘটনায় তার বড় ভাই বজলুর রহমান বাদালের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির রাস্তার সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রবিবার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই বজলুর রহমান হাসুয়া দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
